লক্ষ্মীপুরে ভাতিজার মারধরে বৃদ্ধ নিহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
জমি সংক্রান্ত বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাতিজার মারধরে চাচা হাসমত উল্যাহ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে রামগঞ্জের বাঁশঘর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে চাচা-ভাতিজাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। নিহত হাসমত উল্যাহ রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁশঘর এলাকার বাসিন্দা। এর আগে সোমবার (১ ডিসেম্বর) রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হাসমত উল্যাহর ওপর হামলা চালায় ভাতিজা তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার রাত ১১টায় বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়ির হাসমত উল্যার বসতঘর জোরপূর্বক দখল করতে যান তোফায়েল আহমদ ও মোহনের নেতৃত্বে সন্ত্রাসীরা। এ সময় হাসমত উল্যাহ ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা তোফায়েল ও মোহনের নেতৃত্বে ১০/১৫ জনের একদল সন্ত্রাসী হাসমত উল্যার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে।
পরে হাসমত উল্যাকে পরিবারের লোকজন উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই তোফায়েল আহম্মেদ ও মোহন আত্মগোপনে চলে যান। পরে উত্তেজিত জনতা মঙ্গলবার সকালে তোফায়েল ও মোহনের বসতঘর থেকে আসবাবপত্র বের করে আগুন লাগিয়ে দেন।























