মাধবপুরে প্রতারণার মামলায় নিশানের নির্বাহী পরিচালক বেলালসহ গ্রেপ্তার ২
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে প্রতারণার অভিযোগে নিশান পরিবেশ ও স্বাস্থ্য সোসাইটির নির্বাহী পরিচালক মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে তেলিয়াপাড়ায় সংগঠনটির কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় স্বপ্না রানী রায়ের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। প্রায় ২০ বছর আগে বেলাল প্রতিষ্ঠানটি গড়ে তুলে চা-বাগানসহ বিভিন্ন এলাকার লোকজনকে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় দেড়শ কোটি টাকা আমানত নেয়। তবে তিন বছর ধরে আমানতকারীদের টাকা ও মুনাফা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীরা বিপদে পড়েন।
অভিযোগ রয়েছে, গ্রাহকদের কষ্টার্জিত অর্থ আত্মসাৎ করে তারা বিলাসবহুল জীবনযাপন করেছে। এ ঘটনায় গ্রাহকরা সরকারের কাছে তাদের টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
মাধবপুর থানার ওসি শহিদুল্লাহ জানান, প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।























