‘বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য’
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য, জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না। বিদেশি প্রভুদের দাসত্ব করলে ক্ষমতায় যাওয়া যায়?
শনিবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় কাদের বলেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোন নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি।
ওবায়দুল কাদের আরও বলেন, সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন এরমধ্যে অন্যতম ছিলেন জাতীয় নেতা শেরে বাংলা। সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।



























