পাবনায় শিক্ষার্থীদের গণমিছিল
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার বিচার ও মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে শান্তিপূর্ণ গণমিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এ সময় শান্তিপূর্ণ এই গণমিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে দেখা গেছে।
শুক্রবার (২ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন পুলিশ, বিজিবি, ডিবি, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় পুলিশের সাঁজোয়া যানও মোতায়েন করতে দেখা গেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মকর্তারা। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করার প্রতিশ্রুতি দিলে এতে সহযোগিতা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের সামনেই মিছিল করে চলে যান শিক্ষার্থীরা।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছে। যেহেতু তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে আমরা তাদের সহযোগিতা করেছি। পরিস্থিতি এখন শান্ত।





















