প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক
ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন চায় বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে তারা আবারও দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছেন। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছেন।
সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
এসময় ফখরুল জানান, আমরা বলেছি, প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, যারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন, তাদের আইনের আওতায় আনতে হবে। প্রশাসন থেকে তাদের বাদ দিতে হবে। সম্প্রতি দেশব্যাপী যে অস্থিরতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা ফ্যাসিবাদকে কথা বলার সুযোগ করে দিয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫ বছর যারা দেশে অর্থনৈতিকভাবে লুটপাট চালিয়েছে তাদের আইনের আওতায় আনতে বলেছি। তাদের পাচার কথা অর্থ ফিরিয়ে আনতে বলেছি। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক যে মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের কথা তারা বলেছেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে।



























