দুই ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
গাজীপুরে দিনে দুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে, আনসার সদস্যসহ দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের ৭ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর ষ্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহিদুজ্জামান জানান, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে। সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিক্সাযোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফেরার পথে ষ্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করে।
পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে ৭ লাখ ৮ হাজার ৩৭৪ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাদের আঘাতে আহত হয়েছেন উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভীন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাহেদুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাটি গুরুত্বের সাথে দেখছি।






















