ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে এ সংঘর্ষ হয়। ঘটনার পর নিরাপত্তার দাবিতে চিকিৎসকেরা জরুরি বিভাগের সেবা বন্ধ করে দেন, ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে এক ঢাবি শিক্ষার্থী অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। দায়িত্বরত চিকিৎসক তাকে প্রয়োজনীয় প্রেসক্রিপশন দেন। তবে প্রেসক্রিপশনে উল্লেখিত ওষুধ হাসপাতালের সরবরাহে না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলা হয়। পরে ওই শিক্ষার্থী কয়েকজন সহপাঠীকে নিয়ে হাসপাতালে ফিরে এসে চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।
শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত ওষুধ বাইরে পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতির ডাক দেন এবং নিরাপত্তার অভাবের কথা জানিয়ে জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা বিপাকে পড়েন। অনেক রোগীকে অ্যাম্বুলেন্সে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘ওষুধ কেনাকে কেন্দ্র করে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
সন্ধ্যা পর্যন্ত হাসপাতাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। চিকিৎসক নেতারা জানিয়েছেন, দায়িত্বরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং কর্মস্থলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জরুরি সেবা চালু করবেন না।
এদিকে এমন পরিস্থিতি সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।





















