ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি
- সংবাদ প্রকাশের সময় : ১০:০০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে।
সোমবার (৫ আগস্ট) রাত সোয়া ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইল থেকে দেয়া এক ভিডিও বার্তায় এ প্রস্তাবনার কথা বলা হয়েছে।
সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণার জন্য আমরা চব্বিশ ঘণ্টা সময় নিয়েছিলাম।
আমরা সিদ্ধান্ত নিয়েছি, সর্বজন গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠনের দাবি জানাই। এ ব্যাপারে ব্যবস্থা নিতে রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানাই।
তিনি আরও বলেন, আমাদের এই অভ্যুত্থান ও বিপ্লবের পর বিভিন্ন জায়গায় নাশকতা ও লুটপাট শুরু হয়েছে। আমাদের আন্দোলনকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে ফ্যাসিস্টদের দোসররা এমন কাজ করছে। আমরা মুক্তিকামী ছাত্রজনতাকে সতর্ক থাকার আহ্বান জানাই।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনাতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানাই। এই আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছি, আমাদের দাবি মানতে হবে। আমরা সেনা শাসন চাই না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগপর্যন্ত আমরা রাজপথে থেকে এই অভ্যুত্থানকে রক্ষা করব।


























