গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত ১
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা রংপুর মহাসড়ক এর কোমরপুর এলাকায় পাথর বোঝাই ট্রাক ও বালু বোঝাই ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ১ চালক নিহত ও একই গাড়ীর হেলপার আহত হয়েছে।
নিহত চালক জেলার সাদুল্যাপুর উপজেলার দৌলতপুর গ্রামের রায়হান মিয়ার ছেলে সজিব মিয়া (২৫) এবং আহত হেলপার চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালু বোঝাই ট্রাক এসে বিকল ট্রাকের পিছনে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বালু বোঝাই ট্রাকের চালক তার সিটের সঙ্গে আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভিতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।






















