আলীকদমে যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা
- সংবাদ প্রকাশের সময় : ১০:১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বান্দরবানের আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকায় যৌথ বাহিনীর তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১টার দিকে এই হামলা চালায়য়। এ সময় সন্ত্রাসীদের সাথে তল্লাশি চৌকিতে থাকা নিরাপত্তারক্ষীদের গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আলীকদম থানার ওসি খন্দকার তবিদুর রহমান বলেন, এ হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন কেএনএফ এ ঘটনার সাথে জড়িত।
তিনি বলেন, যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে দেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এ সময় তল্লাশি চৌকিতে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বান্দরবানের থানচি বাজার এলাকায় পুলিশের সাথে কেএনএফ সদস্যদের গোলাগুলি হয়। পরে পুলিশের সাথে বিজিবি সদস্যরা যোগ দেয়। এক ঘণ্টা পর রাত প্রায় ১০টার দিকে গোলাগুলি থামে। এই ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।





















